অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বর্ষসেরা অনুসন্ধানী রিপোর্টারের পুরস্কার পেলেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। ‘ব্যাংকেই ডলারের কালোবাজার’ শীর্ষক প্রতিবেদনের জন্য ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩-এর অনুসন্ধানী ক্যাটাগরিতে সেরা হয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো ইআরএফের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ওবায়দুল্লাহ রনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ পুরস্কার দেওয়া হয়। ১৭টি ক্যাটেগরিতে ১৮ জন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সম্মানিত অতিথি ছিলেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ ও নগদের প্রশাসক বদিউজ্জামান দিদার। স্বাগত বক্তব্য দেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।আরও যারা এবারের ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- শেয়ার বাজার ক্যাটাগরিতে টিবিএসের সালাহউদ্দিন মাহমুদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে প্রথম আলোর আরিফুর রহমান, ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে যৌথভাবে ঢাকা পোস্টের শফিক ইসলাম ও টিবিএসের সাজ্জাদুর রহমান, ডিজিটাল ইকোনমিক ক্যাটাগরিতে যৌথভাবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা ও যমুনা টেলিভিশনের তৌহিদ হোসেন পাপন, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ইউএনবির সদরুল হাসান, বেসরকারি খাতে ডেইলি স্টারের আহসান হাবিব রাসেল ও নিউজ টোয়েন্টিফোরের বাবু কামরুজ্জামান। অবজেকটিভ ইকোনমিক ক্যাটাগরিতে প্রথম আলোর রাজীব আহমেদ, চ্যানলে ২৪ এর ইকবাল আহসান এবং শেয়ার বিজের ইসমাইল আলী, ম্যাক্রো ইকোনমিক ক্যাটাগরিতে প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন ও টিবিএসের জেবুন্নেসা আলো, রাজস্ব ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর জাহাঙ্গীর শাহ কাজল ও আমাদের সময়ের জিয়াদুল ইসলাম পুরস্কার পেয়েছেন। বিশেষ মেনশন ক্যাটাগরিতে পেয়েছেন কালবেলার রাজু আহমেদ ও ৭১ টিভির সুশান্ত কুমার সিনহা।

