বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

তিস্তার পানি চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কে মমতার হুশিয়ারী

আপডেট:

বর্ষার পানি দেখে আমরা যেন তিস্তা নদীর পানির পরিমাণের বিষয়টি না ভাবি। প্রতিবেশী বাংলাদেশকে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে এই পরামর্শ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মমতা আরো অভিযোগ করেছেন যে, বাংলাকে না জানিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছে, একই সাথে তিস্তার পানিও দিতে চাইছে। সোমবার রাজ্য সরকারের সচিবালায় নবান্নে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর যে কথা হলো আমাদের কাউকে জানানো হলো না। খুবই দুর্ভাগ্যজনক। যাইহোক, আবার বলছে তিস্তার পানি দিয়ে দেব। তিস্তায় কি পানি আছে যে দেবে? তাহলে তো আমাদের রাজ্যের উত্তরবঙ্গের মানুষ খাবার পানি পাবে না।মমতার অভিমত ‘রাজ্যের জলপাইগুড়ি শহরের মানুষরা নিশ্চয়ই জানে যে আগে করোলা নদীর পানিতে কিভাবে ভেসে যেত। আমরা বিশ কোটি রুপি খরচ করে করোলা নদীর উপর প্রজেক্ট তৈরি করে ভাঙ্গনটা কিছুটা রোধ করতে পেরেছি। কিন্তু ভুটান থেকে পানি চলে আসার ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভেসে যায়। তার সাথে যুক্ত হয় বৃষ্টির পানি। সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সেই কারণে আমরাই বেশি ভুক্তভোগী। গত ২২ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই দিন দিল্লিতে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন তিস্তা উন্নয়ন প্রকল্প সমীক্ষার ব্যাপারে ভারতের একটি কারিগরি দল খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে। একই সঙ্গে তিনি এও জানান, ২০২৬ সালের গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হবে। তার পুনর্নবীকরণের জন্য উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন।এরপরই এই ইস্যুতে সপ্তাখানেক আগেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন মমতা। মমতার অভিযোগ ছিল বাংলাকে না জানিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি বিক্রি করতে চাইছে। হুঁশিয়ারি দিয়ে মমতা এও বলেছিলেন, ‘কেন্দ্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তবে তার প্রতিবাদে গোটা দেশজুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে।বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মমতার ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে, মন্ত্রণালয় থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল ‘মমতা ব্যানার্জির সরকারের প্রতিনিধির সাথে আলোচনা করেই সরকার এই ইস্যুতে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনের চুক্তি স্বাক্ষরিত হলেও আলোচনায় রয়েছে আরও একাধিক নদী। যার মধ্যে অন্যতম তিস্তার পানি চুক্তি বন্টন। ২০১১ সালে তিস্তা চুক্তির স্বাক্ষরের ব্যাপারে সমস্ত প্রস্তুতি নেওয়া হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় সেই চুক্তি বাস্তবে রূপ নেয়নি বলে মনে করা হয়। রাজ্যের স্বার্থ দেখিয়ে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সাথে ঢাকার সফর সঙ্গী হননি মমতা ব্যানার্জি। ফলে ওই সফরে তিস্তা চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা থাকলেও তা সফল হয়নি। এরপর নানা সময়ে ভারত সরকারের তরফে একাধিকবার প্রচেষ্টা নিলেও মমতা রাজ্যের স্বার্থ দেখিয়ে সেই চুক্তিতে সহমত পোষণ করেননি। বছর কয়েক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তার সাথে একান্ত বৈঠক করেছিলেন মমতা। সে সময় তিস্তার পানির বদলে বিকল্প নদীর পানি দেওয়ার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। কিন্তু বাংলাদেশ মমতার সেই প্রস্তাবে রাজি হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত