ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।রাজধানী তেল আবিব থেকে ২৫ কিলোমিটার দূরে টাইরা শহরে এই হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, রাতভর অনেকগুলো ড্রোন হামলা চালানো হয়। হিজবুল্লাহ আজ শনিবার হামলার কথা স্বীকার করেছে।ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চলে আরবদের বাস বেশি। আয়রন ডোমের সুরক্ষার আওতায় তারা নেই। সেখানে কোনো বাঙ্কারও নেই। তাই আহতের ঘটনা ঘটেছে।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

