যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে তীব্র বাক-বিতণ্ডার পর হোয়াইট হাউসে নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। পরে জেলেনস্কিকে একটি কালো গাড়িতে করে হোয়াইট হাউস ত্যাগ করতে দেখা যায়।ফক্স নিউজের সিনিয়র হোয়াইট হাউস প্রতিবেদক জ্যাকি হেইনরিচ জানিয়েছেন, ট্রাম্প জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে ‘বের করে দিয়েছেন’। তিনি আরো দাবি করেন, যে মধ্যাহ্নভোজ ট্রাম্প ও জেলেনস্কির জন্য প্রস্তুত করা হয়েছিল, সেটি পরে মিডিয়া কর্মীদের জন্য বরাদ্দ করা হয়।ফক্স নিউজে হেনরিক বলেন, ট্রাম্প জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছেন বলে আমাকে জানানো হয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধিদল তাকে বলেছে, তাকে দেশে ফিরতে হবে। ট্রাম্প মনে করছেন, তিনি অসম্মানের শিকার হয়েছেন। জেলেনস্কির দেহভঙ্গি—কাঁধ ঝাঁকানো, চোখ ঘুরানো—অকৃতজ্ঞতা ও অসৌজন্যমূলক বলে বিবেচিত হয়েছে।প্রাথমিকভাবে হোয়াইট হাউসের বৈঠকটি মার্কিন-ইউক্রেনীয় খনিজ সম্পদ চুক্তি নিয়ে কূটনৈতিক আন্তরিকতায় শুরু হয়। কিন্তু উত্তেজনা চরমে পৌঁছায় যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ ও ‘অশ্রদ্ধাশীল’ বলে মন্তব্য করেন।ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি’ নিচ্ছেন।ঘটনার পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, জেলেনস্কি শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলে তবেই তিনি হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন।তিনি বলেন, আমাদের বৈঠক অত্যন্ত অর্থবহ ছিল। আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা গেল যা অন্যভাবে বোঝা সম্ভব ছিল না। তবে আমি নিশ্চিত হয়েছি যে, জেলেনস্কি এখনো শান্তির জন্য প্রস্তুত নন। তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাকে আলোচনায় বাড়তি সুবিধা দিচ্ছে। কিন্তু আমি সুবিধা চাই না, আমি শান্তি চাই। তিনি ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। তিনি তখনই ফিরে আসতে পারবেন, যখন সত্যিকারের শান্তির জন্য প্রস্তুত থাকবেন।

