সিরিয়ার দ্রুজ অধ্যুষিত সুওয়াইদা শহর থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে মারাত্মক সংঘর্ষের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সরকার। তারা জানিয়েছে যে, অশান্ত দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েনের কয়েক ঘন্টা পর এটি সম্ভব হয়েছে।গতকাল শনিবার সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা বেদুইন এবং দ্রুজ গোষ্ঠীর মধ্যে নতুন করে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়ার পর এই ঘোষণা আসে। সংঘর্ষে আরও ইসরায়েলি সামরিক হস্তক্ষেপ এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি পৃথক চুক্তি হয়।তবে সরকারের দাবির কিছু সময় আগেও, সুওয়াইদা শহরে মেশিনগানের গুলিবর্ষণের পাশাপাশি আশেপাশের গ্রামগুলিতে মর্টার শেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুর আল-দিন বাবা সরকারি সানা সংবাদ সংস্থা কর্তৃক সম্পাদিত এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য নিবিড় প্রচেষ্টা এবং সুওয়াইদা প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েনের পরে লড়াই শেষ হয়েছে।
তিনি বলেন, ‘সুয়াইদা শহর এখন সকল উপজাতীয় যোদ্ধাদের থেকে মুক্ত করা হয়েছে এবং শহরের আশেপাশের এলাকায় সংঘর্ষ বন্ধ করা হয়েছে।গত সপ্তাহে একটি পাবলিক হাইওয়েতে একজন দ্রুজট্রাক চালককে অপহরণের পর প্রতিশোধমূলক হামলার সূত্রপাত হয় এবং এর ফলে সারা দেশ থেকে উপজাতীয় যোদ্ধারা বেদুইন সম্প্রদায়ের সমর্থনে সুওয়াইদায় ছুটে আসেন।
জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদায় বেদুইন সুন্নি গোত্র এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে।
উল্লেখ্য, দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা মূলত লেবানন, জর্ডান ও ইসরায়েলে বসবাস করলেও সিরিয়ায় তাদের একটি বড় অংশ রয়েছে। আসাদ শাসনামলে তারা বেশিরভাগ সময় নিরব থাকলেও নতুন সরকারের অধীনে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

