রবিবার, মার্চ ১৫, ২০২৬

ভেনিজুয়েলার জলসীমায় যুক্তরাষ্ট্রেরের বোটে হামলা ৩ জন নিহত

আপডেট:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি সন্দেহভাজন মাদকবাহী বোট ধ্বংস করেছে। এতে তিনজন নিহত হয়েছেন। সোমবার ট্রাম্প বলেন, এই হামলা চালানো হয়েছে সহিংস মাদক পাচারকারী কার্টেলগুলোর বিরুদ্ধে। তবে তিনি কোনো প্রমাণ দেননি যে বোটটিতে মাদক বহন করা হচ্ছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ অভিযোগ এনে সতর্ক করেন। তিনি বলেন, ভেনেজুয়েলা আত্মরক্ষায় প্রস্তুত থাকবে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অভিহিত করেন মৃত্যু ও যুদ্ধের প্রভু হিসেবে। দুই দেশের সম্পর্ক সম্প্রতি চরম উত্তেজনায় পৌঁছায়। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে যুদ্ধজাহাজ মোতায়েন করে কথিত মাদকবিরোধী অভিযানে নামে। প্রথম দফায় এক অভিযানে একটি বোট ধ্বংস করা হলে ১১ জন নিহত হন। ট্রাম্প বলেন, সকালে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনারা দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। এই সহিংস কার্টেলগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি দাবি করেন, বোটে কোকেন ও ফেন্টানিলের বড় ব্যাগ সমুদ্রে ছড়িয়ে পড়েছিল এবং এ বিষয়ে প্রমাণ রেকর্ড করা হয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা জানান, ২রা সেপ্টেম্বর প্রথম নৌকায় চালানো হামলাটি মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের সম্ভাবনা রাখে। মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হুমকি দুই দেশের সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ভেনেজুয়েলা পাল্টা প্রতিক্রিয়ায় দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠায় একটি মার্কিন ডেস্ট্রয়ারের ওপর দিয়ে। ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেললে ভেনেজুয়েলার যুদ্ধবিমান গুলি করে নামানো হবে। পরবর্তীতে ভেনেজুয়েলা অভিযোগ করে, মার্কিন বাহিনী একটি ছোট মৎস্যজীবী নৌকা অবৈধভাবে ও বৈরীভাবে আট ঘণ্টা ধরে দখল করে রেখেছিল। যুক্তরাষ্ট্র ও বৃটেনসহ একাধিক দেশ ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর পুনর্নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। তাদের দাবি, বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেজ বিপুল ভোটে জয়ী হয়েছেন। মার্কিন কর্মকর্তারা মাদুরোর বিরুদ্ধে কার্টেল অব দ্য সানস নামে একটি মাদকচক্র পরিচালনার অভিযোগ তুলেছেন এবং তার গ্রেপ্তারের জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন। মাদুরো অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তাকে ক্ষমতাচ্যুত করার একটি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। তিনি সাধারণ ভেনেজুয়েলীয়দের মিলিশিয়ায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন। সরকারি কর্মচারীদের ওপরও এতে যোগদানের চাপ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত