পাকিস্তানি নৌবাহিনী সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে আরব সাগরে অভিযান চালিয়ে দুইটি জাহাজ থেকে প্রায় ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে।গতকাল বুধবার (২২ অক্টোবর) এই অভিযান সম্পর্কে নৌবাহিনী সিএমএফ এক বিবৃতিতে জানান, গত সপ্তাহে দুইটি পৃথক অভিযানের মাধ্যমে নৌকাগুলোকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৯৭২ মিলিয়ন ডলার।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে এই অভিযান সৌদি নেতৃত্বাধীন টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সমর্থনে পরিচালিত হয়।সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফ-এর ইতিহাসে সবচেয়ে সফল মাদক জব্দ অভিযানের একটি।বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফে ৪৭টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে এবং তারা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বে থাকে। এই অঞ্চলে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যেখানে চোরাচালান প্রতিরোধ করা হয়।পাকিস্তানি নৌবাহিনী পৃথক এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই সফল অভিযান আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রপথে অবৈধ পাচারের বিরুদ্ধে তাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

