রবিবার, এপ্রিল ১২, ২০২৬

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা

আপডেট:

ব্রাজিল-আর্জেন্টিনার যেকোনো লড়াই মানেই টানটান উত্তেজনা। এর আঁচ পাওয়া গেল প্যারাগুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপেও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা। এ জয়ের মাধ্যমে আগামী নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটও পকেটে পুরলো সেলেসাওরা। তবে আলোচনায় ম্যাচের পর দুদলের খেলোয়াড়দের হাতাহাতিতে জড়ানোর প্রসঙ্গ।ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে ব্রাজিলই। দলের হয়ে জোড়া গোল করেন রিকেলমে হেনরিক এবং অন্যটি আসে এদুয়ার্দো কন্সেকাওর পা থেকে। তবে ম্যাচের ফুটবলীয় সৌন্দর্যে কিছুটা দাগ লাগে শেষ মুহূর্তের অপ্রীতিকর ঘটনায়। রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগে দু’দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতির জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার তোবিয়াস গয়তিয়া। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে আলবিসেলেস্তে যুবাদের।ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে ব্রাজিল কোচ কার্লোচ এদুয়ার্দো পাতেতুচি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয়। আর্জেন্টিনার বিপক্ষে জয় মানেই সবসময় এক বিশাল লড়াই। এটি একটি দাপুটে জয় ছিল, যা আমাদের দারুণ আনন্দ দিচ্ছে। সেমিফাইনাল এবং বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করাটা আমাদের জন্য বড় স্বস্তির। তবে এখন আমাদের চরম বিনয় বজায় রেখে কাজ চালিয়ে যেতে হবে।’ পরবর্তী ম্যাচের পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, ‘আগামী রোববার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমরা কিছু পরিবর্তন আনতে পারি এবং খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দিতে পারি। কেননা, সূচি খুবই ঠাসা।’
টুর্নামেন্টে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত