জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আদালত এমন এক স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, যা দেশজুড়ে এবং দেশের বাইরে পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। এই দণ্ডাদেশ ও শাস্তি একটি মৌলিক নীতি নিশ্চিত করেছে, ক্ষমতা যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয় তিনি বলেন, এই রায় ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারও মানুষের জন্য এবং যারা এখনও তাদের প্রিয়জন হারানোর বেদনা বহন করে চলেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এখনও পর্যাপ্ত নয়-বিচারের প্রতিফলন।সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন বছরের পর বছর দমন-পীড়নে ধ্বংস হওয়া গণতান্ত্রিক ভিত্তি পুননির্মাণের কাজ শুরু হয়েছে। যে অপরাধগুলো এখানে আলোচ্য, যুবক-যুবতী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর, তা আমাদের আইন ও সরকার ও নাগরিকদের মধ্যকার মৌলিক সম্পর্ক উভয়কেই লঙ্ঘন করেছে। এই কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের মূল মূল্যবোধ-মর্যাদা, স্থিতিস্থাপকতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার-গভীরভাবে আঘাত করেছে।

