সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

উপদেষ্টাদের কথা ও কাজের মিল নেই, নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়: দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট:

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে কঠোর মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি বললেন ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে।সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনি অংশগ্রহণের পেছনের বাধা চিহ্নিত করতে সিজিএস পরিচালিত এক জরিপের ফলাফল অনুষ্ঠানে তুলে ধরা হয়। দেশের ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো জরিপে দেখা গেছে, ৫০ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন।দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকার সম্পর্কে মন্তব্য করে বলেন, তাদের যাওয়ার সময় হয়েছে। যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল-ওনাদের দম ফুরিয়ে গেছে।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও সম্ভাবনা শেষ সীমায় চলে গেছে। এখন তারা শুধু একটি ভালো নির্বাচন দিতে পারে। অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে সেই অর্জন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি মনে করেন, নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক-নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।নিরাপত্তা বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ থাকবে।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান। সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত