ধরনের দুর্বলতা নিয়ে মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হয়, তা জানা। আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় সব জেলার মূল্যায়ন সমীক্ষার সমন্বিত ফলাফলের সারাংশ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জেলার উদাহরণ দিচ্ছি। ওই সমীক্ষায় ঢাকা মহানগরসহ ঢাকা জেলার মোট ২৬টি থানা/উপজেলার ষষ্ঠ শ্রেণির প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে ৩৯ শতাংশের বেশি ফেল করেছে। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষায় বসে ২৯-এর কম নম্বর পেয়েছে। সমীক্ষায় শূন্য থেকে ২৯ নম্বরধারীদের ফেল ও ৩০-এর বেশি পেলে পাস ধরা হয়েছিলো। পাঠক, মিলিয়ে দেখুন, ২০১৪ খ্রিষ্টাব্দে এসএসসিতে ঢাকা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ। মাত্র ৬ শতাংশ ফেল। আর এরাই যখন ষষ্ঠ শ্রেণিতে ছিলেন, তখন ফেলের হার ৩৯ শতাংশের বেশি। তা-ও আবার ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় যেখানে ভালো প্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বেশি বলে ধরা হয়। এবার দেখুন, চট্টগ্রাম মহানগরসহ এ জেলার প্রায় ৭৭ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে ৪৪ শতাংশ। শিক্ষানগর হিসেবে খ্যাত রাজশাহী মহানগরসহ ১০ উপজেলার প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর ৪৬ শতাংশই ফেল। নানা বিবেচনায় গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলা থেকে ৬৭ হাজার অংশ নিয়ে ফেল করেছে প্রায় ৪৮ শতাংশ। বরিশাল জেলার প্রায় ৩০ ও কিশোরগঞ্জের ৪৪ শতাংশ ফেল।পাঠক, আসুন একটু হিসেব মিলিয়ে নিই। ২০১৪ খ্রিষ্টাব্দে যারা এসএসসি পাস করেছিলেন তারাই ২০১৬ খ্রিষ্টাব্দের এইচএসসি। সামান্য কয়েক হাজার মানোন্নয়ন, ফেল থেকে পাস বাদে এই ব্যাচটিই ২০১৭ খ্রিষ্টাব্দে স্নাতক (সম্মান) ও পাস কোর্সে ভর্তি হয়েছিলেন। মোটামুটি হিসেবে ২০২১ ও ২০২২ খ্রিষ্টাব্দে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জনকারীদের অধিকাংশই সেই ব্যাচটির। সোজা কথায় ফ্রেশ গ্র্যাজুয়েট। তাহলে এ সময়ে ঢাকা, বরিশাল কিংবা রাজশাহী, কুমিল্লা বা কিশোগঞ্জের হবু শিক্ষকদের ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের এমন বেহাল দশায় পতিত হওয়ার ঘটনায় খুব বেশি আশ্চর্য হওয়ার সুযোগ আছে কি। গলদটা কি গোড়াতেই রয়ে যায়নি!
লেখক: সম্পাদক, দৈনিক শিক্ষাডটকম এবং প্রধান সম্পাদক, দৈনিক আমাদের বার্তা

