বিএনপি আগামীতে ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানোসহ মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে। শিক্ষকদের এমন সাপোর্ট দেয়া হবে যাতে তারা পাঠদানে পুরো মনোযোগ দিতে পারেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩১ দফা বিষয়ক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। গতকাল শনিবার বিকালে পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শেখানো হবে নিজের যত্ন নেয়া এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা। ভবিষ্যতে মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে। তিনি আরও বলেন, মেধাবীদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর নেতৃত্ব। কোনো মেধাবী যেন আর ঝরে না পড়ে, সে লক্ষ্যে সরকার গঠন করলে শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হবে।সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা, বাংলা, ইংরেজির পাশাপাশি বিদেশি বিভিন্ন ভাষা, খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে। যাতে আমাদের ছেলেমেয়েরা দক্ষতা অর্জন করে বিদেশে গিয়েও যেকোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারে। বিগত ১৫ বছরে প্রচুর অর্থবিত্ত পাচার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, পানির অপর নাম জীবন। তাই খালগুলো পুনঃখনন ও পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, তা পুনরায় বাস্তবায়নের মাধ্যমে পানির সংকট ও আর্সেনিক সমস্যা সমাধানের পথ উন্মুক্ত হবে। প্রধান অতিথির বক্তব্যের আগে অনুষ্ঠানস্থল থেকে ছাত্রছাত্রীরা সরাসরি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন প্রশ্ন করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছাত্রছাত্রীর এসব প্রশ্নের উত্তর দেন। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, নিঃসন্দেহে আজকে এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমার বিশ্বাস, আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নেতৃত্ব। যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে, এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে- এরাই একদিন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ ফারজানা, ইফরাত, সাথী, সাবিনা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা চরম সত্য হচ্ছে- জীবনে সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট পন্থা নেই।কাজেই এখন তোমাদের হাতের কাছে কিন্তু নানা ধরনের ইলেকট্রনিকস গ্যাজেট থাকে- বিভিন্ন ধরনের স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফলে প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় নানা কিছু দেখে দেখে সময় অপচয় হয়ে যায়। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলে। কোনো কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়ে ওঠেনি আমি মনে করি, তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে। প্রত্যেকটা মানুষের মাঝেও কিন্তু সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে- যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা, এমন সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা।বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মেহেদী আমিন, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মাহমুদা হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল আলম রাকিব প্রমুখ। ড. আবদুল মঈন খান বলেন, তারেক রহমান স্বেচ্ছায় বলেছেন- তিনি ক্ষমতায় গেলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। এটি তার আত্মত্যাগ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ। এটি বাংলাদেশের প্রতিটি মানুষকে শিখতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, ক্ষমতায় থাকা নয়- সুশাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আশরাফ মামুন ও সাধারণ সম্পাদক রত্না খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক পিপি এডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান।
প্রসঙ্গত, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ওপর গত ১৬ই আগস্ট ১০ হাজারের ওপর শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়। পুরস্কার দেয়া হয় ৬০ জনকে। এর মধ্যে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ৫ হাজার টাকা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত তিনটি স্কুলকে এক লাখ করে তিন লাখ টাকা দেয়া হয়।
সুত্র : মানবজমিন

