
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খিরা চাষের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
প্রতিদিন আড়তে বেচা-কেনা হচ্ছে কয়েকশ টন খিরা। হাওরাঞ্চল অধ্যুষিত এ উপজেলার উৎপাদিত এসব খিরা স্থানীয় চাহিদা পূরণ করে আড়ৎ থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা কিনছেন।
তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,
উপজেলার সাতটি ইউনিয়নে এবার ২শ’ ৫৫ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে।
উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি একর জমিতে ভাড়া বাবত ২৫ হাজার টাকা, বপন, সার, কীটনাশক, হাল ও শ্রমিকসহ ৫০/৬০ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু বর্তমান বাজারে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে খিরা। ধার দেনা করে আনা টাকারও রয়েছে সুদ। এ পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে খিরাই চাষীদের।
উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের প্রান্তিক কৃষক হাবিবুর রহমান বলেন, এবার ২০ শতাংশ জমিতে খিরা চাষ করেছি। ফলন ভালো হয়েছে কিন্তু দামটা মোটামুটি পাচ্ছি। দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের কৃষক আলী আকবর বলেন, প্রতি বছর ধান ও সরিষা চাষ করলেও এবার ৩০ শতাংশ জমিতে খিরা চাষ করেছি। এতে ফলন ভালোই হয়েছে। এসব খিরা স্থানীয় বাজারে ১২ থেকে ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তাড়াইল সদর বাজার মাদরাসা মার্কেটের কাচা বাজার খিরার হাটের আড়তদারদের সাথে কথা হলে তারা বলেন, এবার খিরার ফলন ভালো হয়েছে। সেই সাথে চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছে কৃষক।
এ প্রসঙ্গে তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা বলেন, উপসহকারী কর্মকর্তাগণের সার্বক্ষণিক তদারকিতে এবং আবহাওয়া অনূকূলে থাকায় এই মৌসুমে খিরা চাষে কৃষকরা ভালো ফলন ও দাম পাচ্ছেন।

