মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

৫০০ কোটি টাকা লোভে ডাকাতি করতে গিয়ে, রাকিব সহ ১২ জন গ্রেফতার

আপডেট:

পুলিশ জানায়, চট্টগ্রামের পটিয়া উপজেলার মৃত মাহবুব খানে ছেলে রাকিব। গত রবিবার থেকে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নানা রকম তথ্য দিয়েছে। তবে ৫০০ কোটি টাকা থাকার তথ্যদাতা গিয়াস উদ্দিন আনসারীর ঘনিষ্ঠজনকে খুঁজছে পুলিশ।বাসায় নগদ ৫০০ কোটি টাকা আছে- এ তথ্য পেয়ে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে দল গঠন করে ডাকাতির পরিকল্পনা করেছিলেন বালু ব্যবসায়ী ওয়াজেদ রাকিব। ডাকাতি করতে যাওয়ার সময় টাকা নিতে ২৫টি বস্তাও সঙ্গে নেন তারা, তবে শেষ রক্ষা হয়নি। গত শুক্রবার রাতে নগরের খুলশীতে যমুনা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর বাসায় ডিজিএফআই সদস্য পরিচয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় লোকজনের কাছে ধরা পড়ে তারা। পরে পুলিশ গিয়ে রাকিবসহ ১২ ডাকাতকে গ্রেপ্তার করে।ঘটনায় অন্তত ২০ জন সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের নামও পাওয়া গেছে।ডাকাতির চেষ্টায় গিয়াস উদ্দিন শুক্রবার খুলশী থানায় মামলা করেন। গ্রেপ্তার ১২ জন হলো– ওয়াজেদ রাকিব, মো. হোসেন, মো. রোকন, মো. ওসমান, মো. মহিউদ্দিন, আব্দুল সবুর, রুবেল হোসেন, ইয়াকুব আলী, মোজাহের আলম, হারুন অর রশিদ, আব্দুল মান্নান ও শওকত আকবর ইমন।পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে বিদেশফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী ও দোকান কর্মচারী আছে। জিজ্ঞাসাবাদে যুক্ত কর্মকর্তারা জানান, গত ৭ জানুয়ারি গৃহকর্তার এক ঘনিষ্ঠ ও আস্থাভাজনের কাছ থেকে রাকিব জানতে পারেন, গিয়াস উদ্দিনের বাসায় ৫০০ কোটি টাকা রয়েছে। সেই তথ্য পেয়ে ওয়াসিম ও মালিকের সঙ্গে পরামর্শ করে রাকিব। তারা হোসাইন নামে আরেকজনকে যুক্ত করে। হোসাইনের মাধ্যমে যুক্ত হয় শওকত আকবর ও মোজাহের।তারা নগরের হালিশহরে কয়েক দফা বৈঠকও করে। সেখানে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির সিদ্ধান্ত হয়। পেশায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোজাহের ডিজিএফআইর নকল পরিচয়পত্র তৈরি, পিস্তল ও ওয়াকিটকিগুলো সংগ্রহ করে।
পরিকল্পনা অনুযায়ী, দুটি মাইক্রোবাসে খুলশী ৩ নম্বর সড়কের ভবনে যায় তারা। সেখানে গিয়ে নিজেদের গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করে। নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে অষ্টম তলায় গিয়াস উদ্দিনের বাসায় যায়। তিনটি ফ্ল্যাট নিয়ে আনসারীর বাসাটি ডুপ্লেক্স। আটতলার মূল দরজা দিয়ে ঢোকে ডাকাতরা। এর পর ভেতরের সিঁড়ি ব্যবহার করে ৯ তলায় ওঠা যায়। তারা সেখানে উঠে দুটি কক্ষের ডিজিটাল ফিঙ্গার লক ভাঙার চেষ্টা করে। এ সময় বাসায় কেউ ছিল না। সপরিবারে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন গিয়াস উদ্দিন। শব্দ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত