ফিটনেসবিহীন গণপরিবহন সড়ক থেকে সরিয়ে নিতে বিশেষ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রবিবার রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র্যাপিড পাশ’ কার্ড কার্যক্রমের উদ্বোধনে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহণ সরিয়ে নিতে সরকার বিশেষ রেয়াতি সুদে অর্থ অনুদান দেবে। তাছাড়া, সব ধরনের গণপরিবহণে দ্রুতই যুক্ত হচ্ছে র্যাপিড পাশ কার্ড।তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বাসে কন্ডাক্টর ভাড়া আদায় করে না। বাংলাদেশে দেরিতে হলেও র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হল। আমাদের এখানে টিকেটের জন্য একটা বড় লাইন হয়। ওই লাইন যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনি বাস স্টপেজে যাবেন, সেখানে স্মার্টকার্ড ব্যবহার করে মেশিন থেকে টিকেট কিনে নেবেন। এখন নানা উপায়ে, মোবাইলের অ্যাপ ব্যবহার করেও টিকেট কেনা যায়। র্যাপিড পাস হল স্মার্ট কার্ডভিত্তিক একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, ফয়েজ আহমদ তৈয়্যব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, ঢাকা যানবাহন সমন্বয় কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার প্রমুখ।

