স্টাফ রিপোর্ট:
শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রথা বাতিলের দাবি উঠেছে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায়। আজ রোববার এই দিবসটি পালনের আগের দিন গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকম মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন।
মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ সভাপতি প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রথার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে চাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রথা বাতিল হোক। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, তাহলে চলবে কি করে? আমি বললাম ঢাকা কলেজ ও ইডেন কলেজ চলে কী করে? তারা বললেন, সরকারি নিয়মে। আমি বললাম আমাদের বেতন তো সরকারই দেয় তাহলে মাঝখান থেকে তথাকথিত লুটেরা রাজনৈতিক ব্যক্তিরা কেনো শিক্ষকদের অপমান করবে? কেনো শিক্ষকদের সম্মান থাকবে না?
সভায় অংশ নেয়া অন্য বক্তারাও অধ্যাপক হান্নানের এই বক্তব্যের সমর্থনে বক্তব্য দেন। প্রধান অতিথি ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি নিয়ে যে এলোমেলো অবস্থা চলছে এটা মোটেই সম্মানজনক নয়। ক্ষমতায় গেলে আমরা বিষয়টি দেখবো। গত ১৭ বছরে শিক্ষকদের সামান্য দাবি পূরণ হয়নি। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ভারপ্রাপ্ত মহা সম্পাদক অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় আলোচনায় আরো অংশগ্রহণ করেন অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার, অধ্যক্ষ রেজাউল কবির, অধ্যক্ষ সাহিদুন নাহার, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল, অধ্যক্ষ জহির উদ্দিন আজম, উপাধ্যক্ষ লিয়াকত আলী, অধ্যক্ষ হোসনে জাহান, অধ্যক্ষ রাফিকা আফরোজ, অধ্যক্ষ এম এ মোনায়েম, অধ্যক্ষ শামীমা ইয়াসমিন, অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন, অধ্যক্ষ নিয়ামুল কবির বাবু, অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল, অধ্যাপক নাজির আহমদ খান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক আল মামুন প্রমুখ শিক্ষক নেতা।

