বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে : আইজিপি বাহারুল আলম

আপডেট:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচনের জন্য সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছে। নির্বাচন নিয়ে তারা উজ্জীবিত। কাজেই সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠুু, সফল নির্বাচন করতে পারি। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এবার সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে আমরা যথাযথ দায়িত্ব পালন করবো। এবার স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে বিগত দিনের পুলিশকে কলঙ্কমুক্ত করা হবে। এবার প্রথমবারের মতো পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনায় আর্মড, মেট্রোপলিটন, জেলা পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণ শিবির পরিদর্শনকালে সকল ইউনিটকে দায়িত্ব ও কর্তব্য পালন করার নির্দেশ দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত খুব বেশি অগ্রগতি হয়নি। তবে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া ১৯টি হত্যা ও ৩৭টি অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা মামলা দায়ের করা প্রসঙ্গে তিনি বলেন, ৫ই আগস্টের পর কাউকে মিথ্যা মামলায় জড়ানো হলে তাদেরকে ১৭৩ অধ্যাদেশের মাধ্যমে অব্যাহতি দেয়ার জন্য সংশ্লিষ্ট থানা থেকে আদালতে সুপারিশ করার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে ডিএমপিকে দুই সহস্রাধিক ব্যক্তিকে মামলায় হয়রানি না করার জন্য বলা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মহাপুলিশ পরিদর্শক আরও বলেন, বর্তমান সরকার চাচ্ছেন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ফলে এবারের নির্বাচনে পুলিশের দায়িত্ব ও কর্তব্য অনেক। এ কারণে আমরা ট্রেনিং নিয়ে প্রশিক্ষিত হচ্ছি। তবে এর মধ্যে যেসব পুলিশ সদস্য এখনো সংশোধন হতে পারেনি বা পারবে না নির্বাচনে তাদের মূল নেতৃত্বে দায়িত্ব দেয়া হবে না। বিতর্কিতদের চিহ্নিত করতে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে।
এআই দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিস এবং ডিস ইনফরমেশন দিয়ে ফেইক নিউজ ছড়িয়ে দেয়া হচ্ছে স্বীকার করে তিনি বলেন, এসব বিষয় দেখা হচ্ছে। তবে, স্বাধীনতার নামে আপনি কতোটুকু করতে বা লিখতে পারবেন, সে বিষয়েও আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত