বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সাধারণত খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তেলের বাজার অস্থির করার পেছনে মিল মালিক ও ডিও ব্যবসায়ীরাও জড়িত থাকতে পারেন। তাই ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রচলিত রীতিতে তেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান চালানো হয়। এ কারণে এসব অভিযান খুব সফল হয় না। যেকোনো পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সবাইকে অভিযানের আওতায় আনা হবে। তেলের বাজার অস্থির করার পেছনে মিল মালিকেরা অথবা ডিও ব্যবসায়ী অথবা উভয়ই জড়িত থাকতে পারেন। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। সেই পদক্ষেপ কার পক্ষে যাবে, আর কার বিপক্ষে যাবে–তা দেখা হবে না ।শেখ বশিরউদ্দীন বলেন, ‘অনেক সময় ছোট একজন দোকানদারের ৫০০ বোতল তেল খাটের নিচ থেকে উদ্ধারের নাটক প্রচার করা হয়। সারাদেশে মানুষ বাহবা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখানো হলো মুদি দোকানদারই সব কারসাজি করেছে, আর কারও দায় নেই। আমরা প্রকৃত দোষীকে শনাক্ত করতে চাই। ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না।বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোক্তার স্বার্থে কাজ করা সরকারের মূল উদ্দেশ্য। তবে তা ব্যবসা–বাণিজ্য সংকীর্ণ করে নয়। বরং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মূল কাজ। ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোজ্যতেল সরবারাহের ক্ষেত্রে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই।বৈঠকে ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মত পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না: বানিজ্য উপদেষ্টা
আপডেট:

