মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। তবুও আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু সরকার সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে হামলার জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে। পরিকল্পনাগুলোর মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা’ মাত্র কয়েক মাস বা এক বছর কিংবা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে।এর আগে গত বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এই মাসের শুরুতে হোয়াইট হাউসে এক বৈঠকে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আপাতত সমর্থন করেন না।

