প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিন আগে সোমবার তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন নয়াদিল্লিতে। সেখানে ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চান তিনি। একই সঙ্গে অতিরিক্ত যে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা থেকে মুক্তি চান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সৌদি আরব সফরের আগে মোদির অফিস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত গভীরতা ও গতি অর্জন করেছে। এতে আরও বলা হয়, একসঙ্গে আমরা পারস্পরিক সুবিধা ও টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে পারবো। উল্লেখ্য, ভারতে তেলের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হলো সৌদি আরব। পেট্রোলিয়াম আমদানির ওপর খুব বেশি নির্ভর করে ভারতের অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তাদের তৃতীয় বৃহৎ তেল সরবরাহকারী সৌদি আরব। এ দেশটিতে ভারতের কমপক্ষে ২০ লাখ নাগরিক আছেন। সেখানে শ্রমবাজারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা দেশটির মেগা প্রকল্পে অবকাঠামো নির্মাণে সহযোগিতা করছেন। পক্ষান্তরে প্রতি বছর দেশে শত শত কোটি ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। এ দেশটিতে মোদির সফর হবে দু’দিনের। এ সময়ে তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন নরেন্দ্র মোদি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আগামী মাসে সৌদি আরব সফরের কথা রয়েছে ট্রাম্পের। এটা হবে দ্বিতীয় মেয়াদে তার প্রথম বিদেশ সফর।

