রোম ইতালি / যাদের যুদ্ধ শুরু করার ক্ষমতা আছে তাদেরকে শান্তি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গতকাল রোববার অনুষ্ঠিত ইস্টার আশীর্বাদে তিনি এ আহ্বান জানান।ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার মানুষ সমবেত হন। তাদের উদ্দেশে পোপ বলেন, ‘আমরা ক্রমেই সহিংসতায় অভ্যস্ত হয়ে পড়ছি। এর কাছে নতি স্বীকার করে উদাসীন হয়ে যাচ্ছি। হাজার হাজার মানুষের মৃত্যুর পরও আমরা আজ নির্বিকার।’পোপ হওয়ার পর থেকেই লিও চতুর্দশ মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের উত্তেজনা কমিয়ে একটি ‘অফ-র্যাম্প’ বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজে বের করার অনুরোধ করেন। রোববার তিনি বলেন, ‘বিশ্ব আজ যুদ্ধে বিধ্বস্ত এবং ঘৃণা ও উদাসীনতায় আচ্ছন্ন। এটি আমাদের অশুভ শক্তির সামনে ক্ষমতাহীন করে তুলছে।এদিকে ইস্টার সানডের দিনও জেরুজালেমের ওল্ড সিটিতে নিস্তব্ধতা বিরাজ করছে। গাজা সংঘাত এবং মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের কারণে এলাকাটি প্রায় জনশূন্য হয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ ‘চার্চ অব দ্য হোলি সেপালকার’-এ সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করেছে। ফলে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ স্থানটি এখন ভক্তশূন্য। চার্চ অব দ্য হোলি সেপালকার-এ খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান স্মরণ করেন।

