বুধবার, এপ্রিল ১, ২০২৬

আদিখ্যেতা ও বর্তমান রাজনীতি’ কপাল গুণে গোপাল ঠাকুর’

আপডেট:

মিজানুর রহমান, অক্সফোর্ড

কথায় বলে, ‘কপাল গুণে গোপাল ঠাকুর’। ভাবখানা দেখে মনে হয় বিখ্যাত বিমোহিত সন্ন্যাসী-অতিমাত্রায় নীতিবাগীশ। কথায় কথায় বিস্ফোরক মন্তব্য ছাড়াও, মিনিটে মিনিটে উজির-নাজির মারার মতো মাত্রাহীন আস্ফালনে সিদ্ধহস্ত বেশিরভাগ ব্যক্তি বর্তমান রাজনীতিতে প্রখ্যাত এবং বিখ্যাত, সঘোষিত নামধারী রাজনৈতিক ব্যক্তিত্ব। এই অসুন্দর ভাবখানা, এই বিকৃত খেতাব তাদের কোনরকম বুজুর্গী নয়, রুচিহীন লালসার প্রতিফলন। কুৎসিত লালসা লালন করার জন্যে বা সঘোষিত এসব খেতাব অর্জন করার জন্যে পঞ্চস্কন্ধ এককরে দীর্ঘ সাধনা, কিংবা সহানুভূতিপূর্ণ মনোভাব অর্জনের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র সামান্য একটু নির্লজ্জ হলেই হয়। অহর্নিশ কথার ফুলঝুরি একপ্রকার বিকারগ্রস্ত মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বল্প বা কিঞ্চিৎ নয় আদিখ্যেতার শেষ সীমা।তৈল মর্দন, ল্যাং মেরে বঙ্গ জয় করার মানষিকতা নিয়ে ভাগ্যান্বেষীরা দলে দলে আসছেন রাজনীতিতে। কেউ কেউ বলছেন- ঐতিহাসিক প্রয়োজনে, কেউ বলছেন জাতীর বৃহত্তর স্বার্থে, কেউবা গণমাধ্যমে ইন্টারভিউ-এর নাম করে আবেগপূর্ণ বর্ণনা, জ্বালাময়ী বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ আগামীতে কতো বড় বড় অর্জন করবেন তার এক লম্বা ফিরিস্তি তুলে ধরছেন। তাদের মাথার মধ্যে সাজানো গোছানো দুরভীসন্ধিমূলক কূটকৌশল গুলো ইতিমধ্যে দূর্গন্ধ ছড়াতে শুরু করেছে।কাওকে বেশি সিনিয়র বা বেশি ক্ষমতাসম্পন্ন ভেবে সত্য কথা বা যৌক্তিক উত্তর না দিতে পারার অর্থ হলো আদতে আপনি দূর্বল চিত্ত, অথবা আপনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। আপনার রাজনীতি করার কী অধিকার আছে বলুন? আপনার অসহায়ত্ব কে করুণা করা ছাড়া আর কি বলার আছে বলুন? রাজনীতিতে সাফল্য বা প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নিরলস, সংগতিপূর্ণ লেগে থাকা এবং ধৈর্য ধারণ যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষের মন জয় করার জন্যে সাহসী এবং মেধা থাকাও জরুরি। তা নাহলে মাথার মধ্যে সাজানো গোছানো কুৎসিত পোকাগুলো একটা সময়ে বাসস্থান ছেড়ে, ছড়িয়ে ছিটিয়ে হাটতে শুরু করবে। মাকড়সার মতো আপনার নিজের আত্মার দিকে ধাবিত হতে থাকবে। খুঁচিয়ে খুঁচিয়ে আপনার আত্মাকে গ্রাস করবে, খুবলে খুবলে খাবে। সুস্থ চিন্তা মুক্তবুদ্ধির ধারণাগুলোকে বাদ দিয়ে যদি সবকিছুতে পন্ডিতি, হামবড়া ভাব দেখাতে থাকেন তবে কেলেঙ্কারির সীমা থাকবে না। নির্লজ্জ ধাক্কাধাক্কি চলতে ফিরতে নিস্ফল পরিনতি বয়ে নিয়ে আসবে।বাংলাদেশে প্রত্যেকটি মানুষের প্রাণের দাবী হলো- গনতন্ত্র, সুশাসন ও মানবাধিকার।এই তিন প্রশ্নে, আপোষহীন কথাগুলো শুনতে একটু ভিন্ন রকম মনে হয়, প্রথম প্রথম একটু খাট্টা একটু মিঠা লাগে, এবং অন্তরে তীব্র জ্বালা ধরায়। কিন্তু বাস্তবতা হলো, জাতির মান উন্নয়নে একমাত্র পথ– এই তিনটির সুষ্ঠ ও সফল বাস্তবায়ন। এই তিনটির সঠিক বাস্তবায়নে রাজনৈতিক নেতা হিসেবে আপনার সততা ও সাহস আপনাকে জনপ্রিয় করে তুলবে। নতুবা একদিন না একদিন নিজেকে সমাজের আস্তাকূঁড়ে পচাগলা রাজনীতিবিদ হিসেবে আবিষ্কার করবেন। জনগনের অভিশাপ হবে আপনার পথ ও পাথেয়॥
ফেইসবুক থেকে নেওয়া

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত