ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমার্ধেই কার্যত ম্যাচের ভাগ্য গড়ে দেয় কাতালানরা।ম্যাচের শুরুতে বিলবাও কিছুটা আক্রমণাত্মক খেললেও দ্রুত নিয়ন্ত্রণ নেয় বার্সা। ২২ থেকে ৩৮—মাত্র ১৬ মিনিটের মধ্যে ৪ গোল করে ফেলে হান্সি ফ্লিকের দল। ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্ডঘজি ও রাফিনহার গোলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ লিড নেয় বার্সেলোনা।দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পান রাফিনহা। বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন তিনি। পুরো ম্যাচজুড়ে বার্সেলোনার আক্রমণভাগ ছিল সাবলীল ও ধারালো, আর রক্ষণে ছিল দারুণ সংগঠিত।ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘খেলা সহজ মনে হলে সেটার কারণ আমরা সেটাকে সহজ করে তুলেছি। অ্যাথলেটিকের বিপক্ষে খেলাটা কখনোই সহজ নয়। তারা মানসম্মত দল, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় আছে তাদের। ম্যাচ কতটা কঠিন হবে, সেটা অনেকটাই নির্ভর করে আমরা কেমন খেলছি তার ওপর।’বিলবাওয়ের হয়ে প্রথমার্ধের শেষদিকে ওইহান সানসেতের শট পোস্টে লেগে ফিরে আসে, যা হয়তো ম্যাচে তাদের একমাত্র বড় সুযোগ ছিল। শেষদিকে কিছু চেষ্টা করলেও বার্সার নিয়ন্ত্রিত খেলায় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা আতলেতিকো মাদ্রিদের।

