উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র মানেই ফুটবল ভক্তদের জন্য বাড়তি রোমাঞ্চ। এবারও তার ব্যতিক্রম হলো না। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত নকআউট পর্বের ড্রতে হাইভোল্টেজ এক লড়াইয়ের আভাস মিলেছে। শেষ ষোলোর শুরুতেই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।রিয়াল-সিটি মহারণ ছাড়াও শেষ ষোলোতে আরও বেশ কয়েকটি জমজমাট ম্যাচ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। ফরাসি জায়ান্ট পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি, আর টটেনহাম হটস্পার লড়বে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গত আসরের সেমিফাইনালিস্টরা এবার শেষ ষোলোয় খেলবে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। প্রিমিয়ার লিগে এবার নিউক্যাসলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লিগ টেবিলে তারা রয়েছে ১১ নম্বরে, আর চ্যাম্পিয়নস লিগের নকআউটেও উঠেছিল ১২ নম্বর দল হিসেবে।অন্যদিকে, প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে শীর্ষে থাকা আর্সেনাল লড়বে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের বিপক্ষে। বায়ার্ন মিউনিখ পেয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টাকে এবং লিভারপুলের প্রতিপক্ষ তুরস্কের গ্যালাতসারে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি খেলবে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমটের বিপক্ষে।শেষ ষোলোর গণ্ডি পেরোলে কোয়ার্টার ফাইনালেও অপেক্ষা করছে মহালড়াই। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ম্যাচের বিজয়ী দল শেষ আটে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বনাম আটালান্টা ম্যাচের জয়ী দলের। পিএসজি-চেলসি ম্যাচের জয়ী দল লড়বে লিভারপুল-গ্যালাতসারে ম্যাচের বিজয়ীর সঙ্গে। অন্যদিকে বার্সেলোনা-নিউক্যাসল ম্যাচের জয়ী দলের সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা টটেনহাম। আর আর্সেনাল পরের ধাপে উঠলে খেলবে স্পোর্টিং সিপি কিংবা বোদো/গ্লিমটের বিপক্ষে।
একনজরে চ্যাম্পিয়নস লিগের সূচি:
শেষ ষোলো: প্রথম লেগ ১০ ও ১১ মার্চ; দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।
কোয়ার্টার ফাইনাল: প্রথম লেগ ৭ ও ৮ এপ্রিল; দ্বিতীয় লেগ ১৪ ও ১৫ এপ্রিল।
সেমিফাইনাল: প্রথম লেগ ২৮ ও ২৯ এপ্রিল; দ্বিতীয় লেগ ৫ ও ৬ মে।
ফাইনাল: ৩০ মে (হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়)।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র মানেই ফুটবল ভক্তদের জন্য বাড়তি রোমাঞ্চ
আপডেট:

