দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার ভাগ্য ঝুলে ছিল অন্যদের হাতে। চীনের কাছে লেবানন হেরে যাওয়ায় তারা মূল পর্বের টিকিট পেলো। তিন সেরা রানার্সআপের একটি হয়ে এএফসি অনূর্ধ্ব-২০ থাইল্যান্ডে খেলা নিশ্চিত করেছে মেয়েরা।সেরা তিন রানার্সআপ দলের একটি হয়ে মূল পর্বে উঠতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল লেবানন। চীনের বিপক্ষে তাদের হারে কপাল খুলেছে মেয়েদের। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ।লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এইচ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় পিটার জেমস বাটলারের দল।গোল ব্যবধানে লেবানন (+২) ছিল বাংলাদেশের (+৫) চেয়ে পিছিয়ে।বাছাইয়ে ‘ই’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে রোববারই মুখোমুখি হয় চীন ও লেবানন। সেখানে ৮-০ গোলে হেরে গেছে লেবানিজরা।ক’দিন আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়েছিল সিনিয়র টিম। এবার বয়সভিত্তিক পর্যায়েও একই যোগ্য অর্জন করলো মেয়েরা।আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে শুরু হবে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্ব।

