ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম কবে ও কখন থেকে ফের চালু হবে, তা আগামীকাল (বুধবার) সকাল ১১টার পর জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এক বৈঠকে শেষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।তিনি বলেন, ‘ইউটিউব বিটিআরসির চিঠির জবাব দিতে রাজি, তবে ফেসবুকসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে এখনো কোনো জবাব পাইনি। আগামীকাল ১১টা পর্যন্ত এর জন্য সময় আছে। সব দেখে মিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।তিনি বলেন, ‘আগামীকাল যেহেতু সকালে এই তিনটা প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠি দিয়েছি, ফলে আগামীকাল সকাল ১১টার পরে যদি আমরা তাদের ব্যাখ্যা পাই, সেটা বিশ্লেষণ করে, আর যদি ব্যাখ্যা নাও পাই, তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারবো।কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা শুরু হলে দেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। পরে ইন্টারনেট চালু হলেও সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে।

