আজ সোমবার সকাল ১০টা ২২ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে পৌঁছান। বেলা ১১টায় কক্সবাজারের ইনানীতে হোটেল বে ওয়াচে স্টেকহোল্ডার ডায়লগে যোগ দেবেন তিনি।কক্সবাজারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন “স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শুরু হয়েছে। গত রবিবার বিকেল ৪টায় উখিয়ার ইনানীর সেনাবাহিনীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে উদ্বোধন করা হয় এই সম্মেলনের। প্রথম দিনে রোহিঙ্গা ক্যাম্প থেকে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আজ মূল অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের অবস্থা, আশ্রয় ও সুরক্ষা বিষয়ক আলোচনা পরিচালনা করবেন।কক্সবাজারে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে আগামী ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের জন্য অবস্থানপত্র তৈরি করা হবে। এর আগে, কক্সবাজার এবং নিউ ইয়র্কে আলোচনার নথি পর্যবেক্ষণ করা হবে, যা পরবর্তী সময়ে দোহা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত হিসেবে উপস্থাপিত হতে পারে।

