খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন। এসময় এক সাংস্কৃতিক দল বড়দিনের ঐতিহ্যবাহী সঙ্গীত (ক্যারল) পরিবেশন করে।শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, মহামতি যিশু খ্রিস্ট আমৃত্যু ক্ষমা, ভালোবাসা ও সত্যের পথ দেখিয়ে গেছেন। তার সেই সুমহান আদর্শ ও চারিত্রিক গুণাবলি আজও মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষ দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তিনি দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট ও অক্ষুণ্ণ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডাল, বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

