৭৯ হাজার ২৩১ জন বিদেশী নাগরিক মালয়েশিয়ার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির (পিআরএম) মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবার জন্য নিবন্ধন করেছে।বৃহস্পতিবার (২৭ জুন) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, এই সংখ্যার মধ্যে মোট ৬৮ হাজার ৯০০ বিদেশীকে তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় অভিবাসন আইন অনুসারে তাদের ওপর আরোপিত জরিমানা পরিশোধ করার পরে প্রত্যাবাসন করা হয়েছে।তিনি জানান, ‘ফেরত পাঠানোর আগে, আমরা তাদেরকে কম্পাউন্ড পরিশোধ করতে বলেছিলাম এবং আমরা প্রায় ৪০ হাজার রিংগিত কম্পাউন্ড সংগ্রহ করেছি।’তিনি বলেন, ‘যে চারটি দেশে সবচেয়ে বেশি মানুষ আত্মসমর্পণ করেছে সেগুলো হল ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান’।তিনি আজ দেওয়ান রাক্যেতে প্রশ্নোত্তর পর্বে এ কথাগুলো বলেন। তবে এর মধ্যে কতজন বাংলাদেশী অভিবাসী নিজ দেশে ফিরেছে তা জানা যায়নি।

