নিজস্ব প্রতিবেদক | ঢাকা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আসন্ন ঈদের ছুটিতেও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ (Control Room) নিরবচ্ছিন্নভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ২৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষটি সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
নিয়ন্ত্রণ কক্ষের মূল তথ্যসমূহ:জনবল: তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা এবং ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
ঠিকানা: প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা।
হটলাইন (টোল ফ্রি): * বাংলাদেশ থেকে: ১৬১৩৫ * বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
তদারকি ও সমন্বয়:
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে সমন্বয় করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বরত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে তারা বিদেশের শ্রমকল্যাণ উইংগুলোর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করবেন এবং তা নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার প্রেক্ষিতে গত ১০ মার্চ ২০২৬ তারিখে এই বিশেষ নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে এই হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি” ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা খোলা থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
আপডেট:

