বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

কোটা বিরোধী আন্দোলন সময় পালিয়ে যাওয়া নেতা কর্মীদের খুঁজে বের করবে আওয়ামিলীগ

আপডেট:

কোটা আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের মাঠে না থাকা অথবা টিকে থাকতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে ক্ষুব্ধ হয়েছে দলের হাইকমান্ড। যে কারণে শিগগিরই দল ও সহযোগী সংগঠনের কোথায় কি সাংগঠনিক দুর্বলতা আছে এবং কেন তারা মাঠে নামেনি তা চিহ্নিত করার নিদের্শনা দিয়েছেন হাইকমান্ড। একই সাথে দায়িত্বশীল পদে থেকেও যারা এ সময়ে মাঠে ছিলেন না বরং আত্মগোপনে চলে গেছেন তাদের তালিকা তৈরির নির্দেশও দেয়া হয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজধানীর সব এমপিদের ডেকে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে ওবায়দুল কাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে মাঠে অনুপস্থিত থাকা এবং আত্মগোপনে চলে গেছেন এমন নেতাদের তালিকা তৈরির নির্দেশনার বার্তা পৌঁছে দেন বলে জানা গেছে। একই সাথে তিনি দলের নেতাকর্মীদের ছয়টি নির্দেশনা মেনে চলার কথা বলেন। সেগুলো হচ্ছে- চলমান কারফিউ আইন ভঙ্গ না করা এবং নেতাকর্মীদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নিজ এলাকা ও অলিগলিতে অবস্থান নেয়া, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় তালিকা দেয়া, আহত ও নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা তৈরি করা, গুজব প্রতিরোধে নিজ নিজ এলাকার মসজিদভিত্তিক কাজ করা, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখা এবং নিজ নিজ পাড়া-মহল্লায় সমন্বয় সভা করা।
দিকে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত-আহত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের। গত কয়েক দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের খুব একটা ভিড় দেখা যায়নি। তবে গত মঙ্গলবার সকাল থেকেই দলীয় কার্যালয় দু’টিতে আওয়ামী লীগ-যুবলীগসহ অন্যান্য ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন। কেউ কেউ সকাল ১০টা থেকে কারফিউ শিথিল হওয়ায় আশপাশের কয়েকটি চায়ের দোকানেও আড্ডা দিচ্ছেন। অনেকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলন চলার সময় তারা নিজেদের রক্ষার্থে পালিয়ে ছিলেন। আবার কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত