মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

চকরিয়ায় বিক্ষোভকারীরা এনসিপি’র পথসভা মঞ্চ ভেঙে দেয়

আপডেট:

এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বিতর্কিত বক্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘নব্য গডফাদার’ বলার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে কক্সবাজারে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতারা। চকরিয়ায় এনসিপি নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায়। দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর থামতেই উত্তেজিত জনতা গাড়ির ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলেন। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে কক্সবাজার জেলার সীমানা পার করিয়ে দেয়া হয়েছে। চকরিয়ায় এই সহিংসতার সূত্রপাত হয় দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত জনসভায় দেয়া বক্তব্যকে ঘিরে। সমাবেশে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নাম উল্লেখ না করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে যেমন নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিলেন, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল, জায়গা-জমি দখল, চাঁদাবাজি করছেন। আবার নাকি সংস্কারও বোঝেন না। আমি নাম বলছি না। তবে কক্সবাজারের জনতা এসব সংস্কারবিরোধীকে রাজপথেই ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ্‌।’ বিএনপি’র নেতাকর্মীদের দাবি, এই বক্তব্য সরাসরি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে।এই বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকাল থেকেই কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দফায় দফায় মিছিল করে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদের এই দাবানল ছড়িয়ে পড়েছে চারদিকে। উপজেলার প্রধান প্রধান সড়ক ছাড়াও মফস্বলের স্টেশনগুলোতেও মিছিল সমাবেশ হচ্ছে বলে জানা গেছে। চকরিয়ায় বিক্ষোভকারীরা এনসিপি’র পথসভা মঞ্চ ভেঙে দেয়। একইসঙ্গে শহরে দোকানপাট বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম উত্তেজনা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর তিনটি সাঁজোয়া যান তাদের চকরিয়া পার করে দেয়। চকরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত