বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

আগামী শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ ১২ দিন কম মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের

আপডেট:

দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় গত বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কিছু শিক্ষক বলছেন, আমলারা শিক্ষকদের ওপর ক্ষোভ ঝাড়ছেন। তাদের মতে, পুরো রমজান মাসই ছুটি থাকা উচিত, কারণ রোজা রেখে পাঠদান করা কঠিন। তবে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সিলেবাস শেষ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশির কর্মকর্তারা জানান, পাঠ্যসূচি সম্পন্ন করতেই রমজানের সময়ে সীমিত পরিসরে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত এসেছে।তারা আশা প্রকাশ করেন, শিক্ষকরা বিষয়টি বুঝবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শুক্র ও শনিবার যেসব দিবস পড়েছে, সেগুলো আলাদাভাবে ছুটির তালিকায় উল্লেখ করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বছরে ৫২টি শুক্রবার ও ৫২টি শনিবার মিলিয়ে মোট ১০৪ দিন ছুটি হয়। এর সঙ্গে তালিকাভুক্ত আরও ৬৪ দিন যোগ হলে মোট ছুটি দাঁড়ায় ১৬৮ দিন।তিনি আরও জানান, বছরে তিনটি পরীক্ষা ১২ দিন করে মোট ৩৬ দিন চলে যায়। ফলে হিসাব করলে দেখা যায়, প্রায় ২০৫ দিন ক্লাস হয় না। এর বাইরে বই বিতরণ, মিলাদ মাহফিল, এসএসসির বিদায় অনুষ্ঠানসহ নানা আয়োজন হয়, যেগুলো সাধারণত শুক্র বা শনিবার পড়ে না। সব মিলিয়ে কার্যকর পাঠদানের দিন অনেক সময় ১৫০ দিনেরও কমে আসে।এই বাস্তবতাকে সামনে রেখেই ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অধিকসংখ্যক শিক্ষার্থীর নিয়মিত শ্রেণি পাঠদান নিশ্চিত করতে এবং সিলেবাস শেষ করতে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। একই কারণে রমজানে দুই সপ্তাহ ক্লাস চালু রাখার সিদ্ধান্ত এসেছে।ছুটির তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২৯ জুলাই। নির্বাচনি পরীক্ষা হবে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, যার ফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর। বার্ষিক পরীক্ষা চলবে ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।তালিকায় দেখা যায়, মোট ৬৪ দিনের ছুটির মধ্যে ৮ মার্চ থেকে রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। শুক্রবার ও শনিবারের কারণে স্কুল খুলবে ২৯ মার্চ।ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এবার টানা ১২ দিন ছুটি থাকবে। এই ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এরপর শুক্র ও শনিবারের ছুটির পর ৭ জুন থেকে স্কুল খুলবে। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন।দুর্গাপূজায় এবার পাঁচ দিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে একদিন ছুটি থাকবে। ফাতেমা ই ইয়াজ দাহম উপলক্ষে একদিন ছুটি নির্ধারিত রয়েছে।এ ছাড়া আগের মতোই প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। গত বছর এই ছুটি ছিল তিন দিন। এর বাইরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত