মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

স্কুল-কলেজে অনলাইন নিয়ে নতুন সিদ্ধান্ত ৩ দিন অনলাইন ক্লাস

আপডেট:

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পড়াশোনার গতি সচল রাখতে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সপ্তাহে তিনদিন অনলাইনে এবং বাকি তিনদিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাশ হবে।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি। যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাশ হবে। এর মধ্যে তিনদিন শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) স্কুলে উপস্থিত হয়ে ক্লাশ করবে এবং বাকি তিন দিন ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন) পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতেই সপ্তাহে ছয়দিন ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত। তবে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তিনদিন অনলাইন মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।আজ সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সচিবালয়ে সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমকে সমন্বিত করার চিন্তাভাবনা করছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত