মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

আরবি ভাষা: ধর্মীয় ও অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত

আপডেট:

বাংলাদেশের প্রেক্ষাপটে পৃথিবীর বহুল ব্যবহৃত এবং জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা আরবির চর্চা ও গুরুত্বের একটি অন্যতম কারণ হলো ধর্ম। জনবহুল এই দেশটির প্রায় ৯০ ভাগ জনসংখ্যা মুসলিম হওয়ায় ধর্মীয়ভাবে এ ভাষা চর্চা ও শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে আলাদা একটি উৎসাহ ও আবেগ রয়েছে। কেননা, ইসলাম ধর্ম এ ভাষা শিক্ষা ও চর্চার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছে। এছাড়াও এ ভাষার মর্যাদা ও শিক্ষার গুরুত্ব বর্ণনায় রয়েছে পবিত্র কুরআন ও হাদিসের অনেক ইঙ্গিত। পবিত্র কুরআনের ভাষাকে আল্লাহ সহজ বলে উল্লেখ করে এর থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন। ইসলামের নবী মোহাম্মদ (স:) আরবি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করতে গিয়ে বলেন: “তোমরা আরবিকে ভালোবাসো তিন কারণে; কারণ, আমি আরবি ভাষাভাষী, কুরআনের ভাষা আরবি এবং জান্নাতের ভাষা আরবি।” এছাড়াও পবিত্র কুরআনের এক বর্ণ উচ্চারণে দশ নেক/সওয়াব/পুরস্কারের কথা বলা হয়েছে। কুরআন এবং হাদিসের ভাষা যেহেতু আরবি, সেহেতু এই আয়াত এবং হাদিসগুলোও এই ভাষা শিক্ষা-চর্চার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করে। সুতরাং, মুসলিম প্রধান একটি দেশে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব যে অপরিসীম তা আর বলার অপেক্ষা রাখে না।যদিও ধর্মীয় দিক থেকে এ ভাষা চর্চা ও শিক্ষার যে গুরুত্ব-প্রয়োজনীয়তা, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে অনেকটাই ব্যতিক্রম। যেমন বলা হয়ে থাকে, মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারীদের জীবন চালনার প্রথম ও প্রধান নির্দেশিকা হলো আল কুরআন যা আরবি ভাষায় অবতীর্ণ। দ্বিতীয় উৎস হাদিস সেটাও আরবি ভাষায়। যা মুখস্থ করার বাধ্যবাধকতা যেমন আছে তেমনি অর্থ বোঝার আবশ্যকতাও অনেক। কিন্তু লক্ষ করলে দেখা যাবে, দু-একটা শুদ্ধ আরবি (আয়াত/সুরা/দোয়া) জানেনা এমন লোক হয়তো পাওয়া কঠিন, কিন্তু অর্থ বুঝে যথাযথভাবে আরবি পড়েন বা পড়তে পারেন এমন লোকের সংখ্যা একেবারেই নগণ্য। তাহলে বলাই যায়, ধর্ম আমাদের আরবি ভাষা শিক্ষায় যে গুরুত্বারোপ করেছে তা হয়তো আমাদের কাছে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অন্যথায় এ বিষয় নিয়ে আমরা অবচেতন এবং অসচেতন।Ezoicএবার আসি আরবিকে শুধুই ধর্মীয় মাপকাঠিতে নয় বরং বাংলাদেশের আর্থসামাজিক বিবেচনায় একটু মূল্যায়ন করি। বিশাল জনসংখ্যার জনবহুল এই দেশটির আর্থ-সামাজিক সমৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি এবং উন্নতির অন্যতম একটি বাহন হতে পারে এই আরবি ভাষা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় রেমিট্যান্স তথা প্রবাসী-প্রেরিত অর্থকে। যা প্রবাসে অবস্থানরত/কর্মরত কর্মীরা তার নিজ দেশে প্রেরণ করে থাকে। আর এ জন্যই প্রবাসীদের বলা হয়ে থাকে রেমিট্যান্স যোদ্ধা। যাদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমই এদেশের বিপদসংকুল অর্থনীতিকে শক্তিশালী এবং মজবুত অবস্থানে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভারসাম্য রক্ষা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, অর্থনীতিতে গতিশীলতা আনয়নসহ প্রত্যেকটি স্তরে রয়েছে এর অবিচ্ছেদ্য এবং অনস্বীকার্য অবদান। শুধু অর্থনীতিই নয়, দেশের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতিতে তাদের অবদান বিশেষভাবে পরিলক্ষিত। এমনকি দেশের রাজনীতিতেও। ২০২৪ এর ছাত্রজনতার অভ্যুত্থানে প্রবাসীরা যখন তাদের রেমিট্যান্স সাট-ডাউন ঘোষণা করেছিল, তখনই ফ্যাসিস্ট তথা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল। যা প্রমাণ করে এই প্রবাসীরা শুধুই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মেরুদণ্ড নয় বরং দেশের সকল ক্ষেত্রেই তাদের অবদানের অবিচ্ছেদ্য এবং অতুলনীয়। ২০২২ এর আদমশুমারি সহ বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রায় ৭৫ লাখেরও বেশি মানুষ প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে কাজ করছে। তন্মধ্যে প্রায় ২৮-৩৫ লাখই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে অবস্থানরত। আর সেসব দেশের ভাষাও আরবি। অর্থাৎ মোট প্রবাসী বাংলাদেশীর অর্ধেকই এই আরবি ভাষাভাষী দেশগুলোতে বসবাসরত।

এবার রেমিট্যান্সের দিকে একটু লক্ষ করি। গত ৩ জুন ২০২৫ তারিখের সময় টিভির অনলাইন রিপোর্টে দেখা গেছে, মে ২০২৫-এ মোট ২৯৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স বাংলাদেশে প্রবেশ করেছে। তারমধ্যে শুধু সৌদি আরব থেকেই এসেছে ৫৩ হাজার কোটি ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর পরেই অবস্থান আরব আমিরাতের। আর এই দুটি দেশ থেকেই আগত রেমিট্যান্স মোট রেমিট্যান্সের প্রায় এক তৃতীয়াংশ। এভাবে আরবি ভাষাভাষী সব দেশের রেমিট্যান্স হিসেব করলে দেখা যাবে সিংহভাগই আসছে এই দেশগুলো থেকে। তাহলে এ কথা অকপটে বলা যেতে পারে যে, আরবি ভাষাভাষী দেশগুলো থেকে আগত রেমিট্যান্সই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। যা বৈদেশিক মুদ্রা রিজার্ভেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেহেতু সিংহভাগ রেমিট্যান্সই আসছে এই আরব দেশগুলো থেকে এবং তাদের ভাষা যেহেতু আরবি, সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রেও আরবি ভাষার ভূমিকা স্পষ্টই প্রতীয়মান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত