নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কার্ড ইস্যুকে কেন্দ্র করে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদকর্মীদের একাংশের আচরণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিসি অফিসের সামনে কার্ডের দাবিতে সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনাটি সাধারণ ভোটার ও নেটিজনদের মাঝে ব্যাপক হাস্যরসের খোরাক জুগিয়েছে।ঘটনার প্রেক্ষাপট ও জনমনে বিস্ময় নির্বাচন কমিশন কার্ড ইস্যু করে মূলত সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা এবং ভোটকেন্দ্রের প্রকৃত চিত্র তুলে ধরার স্বার্থে। কিন্তু ফেনীতে এই কার্ড প্রাপ্তিকে কেন্দ্র করে যে ধরনের ‘প্রচারণা’ লক্ষ্য করা গেছে, তাতে হতবাক সচেতন মহল। নিয়ম অনুযায়ী, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পত্রিকার সম্পাদকগণ তাদের সংবাদকর্মীদের তালিকা জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেন এবং যাচাই-বাছাই শেষে কার্ড প্রদান করা হয়। কিন্তু সেই কার্ডের জন্য প্রশাসনের দপ্তরে স্লোগান দেওয়াকে পেশাদারত্বের পরিপন্থী বলে মনে করছেন স্থানীয়রা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ইতোমধ্যেই যারা কার্ড হাতে পেয়েছেন, তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্ডের ছবি পোস্ট করে জানান দিচ্ছেন। বিষয়টি নিয়ে নেটিজনদের মাঝে চলছে নানা সমালোচনা। সাধারণ মানুষের প্রশ্ন—কার্ডটি তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানোর জন্য, সেটি জনসমক্ষে প্রচার করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? চায়ের দোকানে ভোটারদের মাঝে এটি এখন আলোচনার প্রধান বিষয়। অনেকে বিদ্রুপ করে বলছেন, “ভোটের দিন কেন্দ্রে ভোটারের চেয়ে সাংবাদিকই বেশি দেখা যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।”
ভোটারদের প্রতিক্রিয়া
ফেনীর সাধারণ ভোটাররা বলছেন, সাংবাদিকদের কাছ থেকে তারা বস্তুনিষ্ঠ সংবাদ এবং নিরপেক্ষ ভূমিকা আশা করেন। কিন্তু স্লোগান দিয়ে কার্ড নেওয়া বা সেটি নিয়ে অতিরিক্ত প্রচারণাকে তারা ‘দৃষ্টিকটু’ হিসেবে দেখছেন। সাধারণ ভোটারদের মতে, এতে করে সংবাদকর্মীদের গাম্ভীর্য ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।
সংবাদ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
সচেতন নাগরিক সমাজ ও অভিজ্ঞ সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন যে, সংবাদকর্মীরা তাদের পেশার মর্যাদা বজায় রেখে কাজ করবেন। কার্ড প্রাপ্তি বা সংবাদ সংগ্রহ যেন কোনো ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। জনগণের প্রত্যাশা—নির্বাচনের দিন স্লোগান বা ছবি তোলা নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরাই হবে সংবাদকর্মীদের মূল লক্ষ্য।
ডিসি অফিসে সাংবাদিকদের স্লোগান ফেনীতে ভোটারদের মাঝে হাস্যরস ও বিদ্রুপ
আপডেট:

