ইসলাম শেখায় শান্তি ও সাম্য। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই-ইসলামের এই মৌলিক শিক্ষা জাগিয়ে রাখতেই বছর ঘুরে ঈদ আসে। সবাই সবার সঙ্গে সাম্যের কোলাকুলি করে। আমরা যদি মন থেকে মানুষের সঙ্গে প্রেমের কোলাকুলি করতে পারি, তবে এ কোলাকুলি আমাদের মাঝে প্রেম ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে। আর যদি আমরা হিংসায় বুক ফিরিয়ে রাখি আর স্বার্থে বুক বাড়িয়ে দিই তাহলে ঈদ আমাদের জন্য বয়ে আনবে অশান্তি-দুঃখ-কষ্ট আর সামাজিক অস্থিরতা।মুসলমানরা ঈদের নামাজ পড়ে কোলাকুলি করেন। কিন্তু কোলাকুলির যে মহান উদ্দেশ্য সে বিষয়ে নজর নেই কারওই। এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে কোলাকুলির ভিড় লেগে থাকে। কিন্তু গরিব-দুখীদের সঙ্গে কেউ কোলাকুলি করতে চায় না। কোলাকুলি সংস্কৃতিতেও লেগেছে রাজনীতির হাওয়া। ইসলামের মৌলিক ঈদ আনন্দ থেকে ক্রমে দুরে সরে যাচ্ছে। ঈদ মানে খুশি। ঈদ মানে অনাবিল আনন্দ। সারা দিন উৎসব আর প্রিয়জনদের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করার নাম ঈদ। ধনী-গরিব, আমির-ফকির, রাজা-প্রজা সবার কাছে খুশির বার্তা নিয়ে হাজির হয় এই ঈদ।বাঙালি মুসলমানদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। ঈদের দিন সকালে নতুন পোশাক পরে ঈদগাহে ছুটে চলেন সিয়াম সাধকরা। ঈদের জামাতে এক কাতারে দাঁড়িয়ে যান মুমিন-মুত্তাকিরা। ভুলে যান সব ভেদাভেদ।

