আশিকুর রহমান নরসিংদী
নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে মোঃ কাউসার মিয়া নামে এক অটোচালকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী।
আটকৃতরা হলেন, সদর উপজেলার মাধবদী থানাধীন টাটা পাড়ার ফজলুল হকের ছেলে রবিন ভূঁইয়া (২৩) ও একই মহল্লার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া কবির ওরফে সোনা মিয়ার ছেলে আজিজুল হাকিম (২১)।
উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী জানান, গত ১৮ ডিসেম্বর (সোমবার) সকালে নিহত কাউসার মিয়া বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা নিয়ে শীলমান্দি ইউনিয়নের মদনগঞ্জ ৬নং ব্রীজের কাছে পৌঁচ্ছালে তার গতিরোধ করে পূর্বপরিকল্পিত ভাবে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নির্দেশনায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আব্দুল গাফফার, দীপক কুমার সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল মাধবদীর টাটা পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।



