রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের তাড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি ঘরের গ্যাস সিলিন্ডার বাষ্প হয়ে স্বর্ণালঙ্কার, ফ্রীজ সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত দুই পরিবার।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের হাসিদ ফকির, হামিদ মিয়া ও আলম মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এক ঘন্টার মাঝেই গ্রামের যুবকরা তাদের জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপরও দুটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরের গ্যাস সিলিন্ডার বাষ্প হয়ে দুটি ঘরে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাড়াইল ফায়ার সার্ভিস পৌছার আগেই খবর পেয়ে এলাকার যুবকরা তাদের জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই আসবাবপত্রসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক বলেন, ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আমি ৫০ হাজার টাকা, দুটি পরিবারের সদস্যদের কাপড়চোপড়, আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং কলুমা মুসাফির ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ অনুদান দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে সপ্তাহ খানিকের মধ্যে ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।ফায়ার সার্ভিস তাড়াইল স্টেশনের ইনচার্জ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আসবাবপত্র ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।


