আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :
পবিত্র ঈদুল আযহার আর মাত্র ২ দিন বাকি।এবার ঈদে নতুন মোবাইল ফোন কিনতে কিশোরগঞ্জের মোবাইল মার্কেট গুলিতে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।ঈদের কেনাকাটায় জামা-কাপড়ের পাশাপাশি নিত্যনতুন মডেলের মোবাইল ফোন কেনার প্রবণতা এবার বেড়েছে। নিজ নিজ সাধ্য অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোবাইল ফোন কিনছেন উৎসব ও মোবাইল প্রেমীরা।
শুক্রবার (১৪ জুন ) সন্ধায় জেলা শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া মোবাইল মার্কেট ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় মোবাইল ফোনের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ঈদুল আযহাকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ঈদের কেনাকাটায় জামা-কাপড়ের পাশাপাশি দেখা যায়, মোবাইল ফোন কিনছেন অনেকেই। তবে ক্রেতাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন মোবাইল ফোন বিক্রেতারা।
নতুন মোবাইল কিনতে আসা জামিল জানান,পাঞ্জাবি, টি-শার্ট ও জুতা কেনা শেষে স্মার্টফোন কিনতে মোবাইল ফোনের দোকানগুলোতে ঘুরছি পছন্দমত ফোন কেনার জন্য।
করিমগঞ্জ থেকে আব্দুল জলিল এসেছেন স্ত্রীকে নিয়ে। তিনি এবারের ঈদে স্ত্রীকে নতুন মডেলের স্মার্টফোন উপহার দিতে চান। বেশ কয়েকটি দোকান ঘুরে শেষমেশ শাওমি ব্র্যান্ডে আটকে যায় তার চোখ। ঈদে স্ত্রীকে রেডমি ব্র্যান্ডের নোট ১৩ মডেলের একটি মোবাইল কিনে দিয়েছেন বলে জানান তিনি।
বাজার ঘুরে দেখা যায়,জনপ্রিয়তার শীর্ষে যথারীতি স্যামসাংয়ের স্মার্টফোন ও অ্যাপলের আইফোন। এছাড়া মধ্যবিত্ত ক্রেতাদের কাছে শাওমি, অপ্পো, ভিভো, রিয়েলমি ব্র্যান্ডের মোবাইলের চাহিদা বেশি। এছাড়াও কম বাজেটের মধ্যে সিম্ফনি,আইটেল,টেকনো বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে।
ইসলামিয়া সুপার মার্কেটের হাবিব টেলিকমের ম্যানেজার মোহিবুর রহমান তাকরিম জানান,এবারের ঈদে মোবাইল ফোন কোম্পানিগুলো খুব বেশি ছাড় দেয়নি। তবে ব্র্যান্ড ভেদে কিছু মডেলের দাম অল্প কমেছে।নতুন মডেলের স্মার্টফোন কিনতে মার্কেটে আসছেন তরুণ ক্রেতারা। সব মিলিয়ে ঈদের আগে ফোন বিক্রি অনেক বেড়েছে বলে জানান তিনি।



