বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

এগারসিন্ধুর প্রভাতী: ইঞ্জিন বিকল হওয়ায় কয়েক হাজার যাত্রীর দুর্ভোগ 

আপডেট:

কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাজধানীমুখী কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সোমবার (২৪ জুন) সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনটি পরবর্তী ভৈরব জংশনে প্রবেশ করে সকাল সাড়ে নয়টায়। এর আগে রেলওয়ে কর্তৃপক্ষের জটিলতায় ভৈরব থেকে উল্টোপথে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে ৩০ মিনিট বিলম্ব করে।

পরে ভৈরব রেলওয়ে জংশন থেকে ট্রেনটি বেলা ১০ টায় ছাড়লে ১ কিলোমিটার পার হতেই পুনরায় আবারও ১ ঘন্টা ঘন্টা বিলম্ব করে নরসিংদীর দৌলতকান্দী এসে থামে। এ নিয়ে ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কারোও সাড়া মেলেনি।

বিজ্ঞাপন

এগারসিন্ধুর প্রভাতী ট্রেনের এমন ভোগান্তির ফলে বিপাকে পড়েছেন ঢাকাগামী অন্তত কয়েক হাজার যাত্রী। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে যাওয়া হাজার হাজার যাত্রী শিকার হয়েছেন তীব্র ভোগান্তির।

ট্রেনে থাকা ঢাকাগামী যাত্রী আশরাফুল ইসলাম জানান, অফিসের জরুরি প্রয়োজনে ভোরে এগারসিন্ধুর প্রভাতী ট্রেনে উঠেছিলেন। ট্রেন ছাড়ার ঘন্টাখানেকের মধ্যেই কয়েক জায়গায় ধীরগতির ফলে ভোগান্তিতে পড়েছেন তিনি। ফাঁকা জায়গায় ট্রেন দাঁড়ানোর ফলে বিকল্প কোনো পরিবহনেও ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না তার।

বিজ্ঞাপন

ট্রেনে থাকা আরেক যাত্রী রফিকুল ইসলাম জানান, ঈদ পরবর্তী ছুটি কাটিয়ে রাজধানীতে কর্মস্থলে ফিরছিলেন তিনি। আজ থেকেই অফিসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন বিলম্বের কারণে যথাসময়ে অফিসে পৌঁছাতে পারেননি। ফলে অফিস কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা বেড়েছে তার।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থী জিসান জানান, জরুরি প্রয়োজনে আজ ঢাকায় ফেরার কথা ছিল তার। সকালে এগারসিন্ধুর প্রভাতী ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে ট্রেনের ইঞ্জিন বিকল হলে বিপাকে পড়েন তিনি।

রেলে কর্মরত কয়েকটি সুত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার ফলে ট্রেনে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন তারা৷

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত