আমি-ডামি, একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না।গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন বদিউল আলম। তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ১৫-১৬ বছরের জঞ্জাল দূর করতে বেগ পেতে হচ্ছে। এর পরও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে পারে।গত তিন মেয়াদে ডামি নির্বাচন আয়োজনে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বদিউল আলম বলেন, কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আদালতের নির্দেশ অমান্য করেছে। অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সবাইকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

