ফেনী শহরের জিরো পয়েন্টে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন পুলিশকে আটক করেছে ছাত্র সমন্বয়করা। রবিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত এসআই শুকুর, কনস্টেবল জাহিদ, নিরবকে ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রাতেই তিনজনকে ক্লোজ করা হয়েছে।ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এই তথ্য সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানায়, প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশ ফাড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছে দেখে ছাত্র সমন্বয়ক আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন, ও ইমরান হোসেন তাদেরকে হাতে নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাড়ির সিএনজির (গ্যাস) টাকা জোগাতে এই চাঁদাবাজি করছে বলে স্বীকার করে। সমন্বয়ক আজিজুর রহমান রিজভী জানান, বিষয়টি পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।অন্যদিকে, তাদের বিরুদ্ধে আজ (সোমবার, ২০ জানুয়ারি) বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

