বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ফেনী সদরের পৌর হকার্স মার্কেট, তাকিয়া রোড ও পাঁচগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে সদরের পৌর হকার্স মার্কেট, তাকিয়া রোড ও পাঁচগাছিয়া এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজানকে উপলক্ষ্য করে ইফতারি সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। ভোজ্যতেলের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তদারকি করা হয়। অভিযানে ময়লাযুক্ত ব্যাসন বিক্রি করায় পৌর হকার্স মার্কেট এলাকার মেসার্স গিল্লা বাড়িয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করায় তাকিয়া রোড এলাকার মেসার্স ছায়দুল হক মসলার মিলকে ৩০ হাজার টাকা এবং মেয়াদহীন সেমাই বিক্রির উদ্দেশ্য মজুদ করায় পাঁচগাছিয়া এলাকার মেসার্স এ ডি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

