স্টেশন মাস্টারের ভুলে যাত্রী রেখে ট্রেন চলে গেলো অন্য স্টেশনে। এতে দুর্ভোগের মুখে পড়েছেন শত শত যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।গতকাল রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রেলওয়ে স্টেশন এ ঘটনা ঘটে।কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থেমে শিডিউল মোতাবেক যাত্রী ওঠানামা করানোর কথা। কিন্তু রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রেনটি পূর্ব-নির্ধারিত স্টেশনে না থেমে মাস্টারের ভুল সিগন্যালে চলে যায়। এতে করে শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এক পর্যায়ে স্টেশন মাস্টারকে ঘেরাও করে যাত্রীরা প্রতিবাদ করেন। পরে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থামিয়ে চট্টগ্রামের যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

