মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেন শারমিন আহমদ। সাক্ষাতের বিষয়ে সোহেল তাজ মানবজমিনকে জানান, তাজউদ্দীন আহমদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যমুনায় গিয়েছিলেন। আগামী ২৬শে জুলাই বাংলা একাডেমিতে এ অনুষ্ঠান হবে। এতে দেশের বিশিষ্টজনরা অংশ নেবেন। প্রায় পৌনে এক ঘণ্টা যমুনায় ছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণের বাইরে অন্য কোনো আলোচনা হয়নি।

