ইরানে হামলার ঘটনাকে ভয়াবহ মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখন একটা খুব কঠিন সময়ে বাস করছি। যে সময়টা খুবই অস্থির। বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে।’
গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) মিলনায়তনে অধ্যাপক শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণে একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া– এ এক ভয়াবহ বিশ্ব। তিনি বলেন, আমরা যারা কিছুটা পুরোনো মানুষ, আমরা বেড়ে উঠেছি গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে। আমাদের ধ্যান-ধারণা, চিন্তাভাবনার মধ্যে সব সময় গণতান্ত্রিক চিন্তাভাবনাই আছে। আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতাতে বিশ্বাস করি। এ রকম মানুষগুলো আমরা এখন অত্যন্ত কষ্টে আছি।মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। এটাকে আবার টেনে ওপরে তোলা, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, রাষ্ট্রকে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসনকে প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা– এই বিষয়গুলো সামনে আবার নিয়ে আসতে হবে। আমাদের সে লক্ষ্যেই কাজ করতে হবে। ড. সাহেদের প্রতি আমরা তখনই সম্মান দেখাতে পারব, যখন তার যে আকাঙ্ক্ষা ছিল, তিনি যে কাজগুলো করতে চেয়েছিলেন, যদি আমরা পূরণ করতে পারি।
সময়টা খুবই অস্থির সার্বভৌমত্বে হস্তক্ষেপ, দেশের প্রধানকে হত্যা ভয়াবহ বিশ্ব ব্যাবস্থা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
আপডেট:

