রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো কিশোরগঞ্জের তাড়াইলের ৩ দিনের সম্মিলন ইসলাহী ইজতেমা। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইজতেমা মাঠ ও আশপাশে অবস্থানরত হাজারো ধর্মপ্রাণ মানুষ এই মোনাজাতে অংশ নেন। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে তিনদিনব্যপী উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানে ১৮ তম ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়।
সরজমিন দেখা যায়, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানের আশপাশের সড়কগুলোতে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সময় অনেককে আশপাশের বাড়ির ভিতর, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। তার আগে তিনি সকলের উদ্দেশ্যে হেদায়তী বয়ান করেন।

জানা যায়, এবারও শুক্রবার (২৬ জানুয়ারি) আম জনতা ও আলেম উলামার মিলনমেলা ৩ দিনব্যপী এ ইসলাহী ইজতেমা শুরু হয়ে রবিবার (২৮ জানুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ইজতেমায় দেশ বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের দ্বীনের দাওয়াত প্রচার করেন। ৩ দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।


