মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় ঝাঁক-ঝমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ অসহায় পরিবারের মেয়ের বিয়ে দিলেন কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এম.ডি, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ। গতকাল ১ মার্চ (শুক্রবার) স্বাধীনতার মাসের প্রথম দিনে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন পূর্বক মানবিকতার নির্দশন রাখতে জসিম উদ্দীন তারর নিজ বাড়ির উঠানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। উপজেলার উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮) ও পূর্ব হাছনদন্ডী গ্রামের রমজান আলীর ছেলে মো. ফারুক (২২)’র সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯)’র সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাঁকজমক পূর্ণভাবে বিবাহকার্য সম্পন্ন হয়। উভয় বিয়েতে জসিম উদ্দীন উভয়ের পরিবারের নিকট আত্মীয়-স্বজনসহ ৫’শতাধিক বর যাত্রীকে আপ্যায়ন ও দৈনন্দিন ব্যবহারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, বেড-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, রান্না-বান্নার জন্য -ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তিনি। এই বিবাহ অনুষ্ঠানে বর-কনেকে দোয়া করে ভবিষ্যত জীবনে সফলতা কামনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মীর মহিউদ্দীন, এলডিপি নেতা আইনুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জসিম উদ্দীন বলেন, তিনি অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এই রকম কাজ সারা জীবন করে যেতে চান। তিনি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আরো ১৯টি বিয়ে নিজ খরচে দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে তার উঠানে করার পরিকল্পনা রয়েছে বলে জানান। এই ধরনের কাজে মেয়েদের পরিবার এগিয়ে আসলেও ছেলেদের পরিবার এগিয়ে আসতে লজ্জা পাচ্ছে। তাই তিনি গোপনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য গোপনীয়তা রক্ষা করে বিয়ে কার্য সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, আগামীতে চন্দনাইশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নত করতে চোখ ও দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে তার। তিনি তার পিতা-মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেছেন এবং সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

