রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন (৭০) কাজলা চকপাড়া ঈদগাহ মাঠের ঈদুল ফিতরের নামাজের ইমামতি শেষে খুতবা দেয়ার আগ মুহুর্তে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় কাজলা আলিম মাদরাসা মাঠে উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের উপস্থিতিতে তাড়াইল থানা তদন্ত কর্মকর্তা বাহলুল খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব-অনার প্রদান করেন।
কাজলা আলিম মাদরাসায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। এসময় তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, সাত কন্যা ও এক পুত্রসন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন ছিলেন অবসরপ্রাপ্ত কাজলা আলিম মাদরাসার প্রিন্সিপাল, একাধারে তিনি দামিহা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ছিলেন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন।



